ঘুমের মধ্যে
এস পি
সে এসেছিল কাল রাতে
আরও একদিন সময় দিতে,
রবিবার ভোরে নাকি সে আবার আসবে
আমায় এবার সঙ্গে করে নিয়ে যাবে।
জিজ্ঞেস করলাম রবিবার কেনো দেবে কষ্ট
বলল হোক কষ্ট, কারুর হবে না তো ছুটি নষ্ট।
ঘুমের মধ্যেই শুরু হলো ওল্টানো জীবনের পাতা
চাওয়া পাওয়ার হিসাব নিকাশে সাজানো খাতা।
সমাধান নেই, শুন্য দিয়ে শুরু হয়ে সব শুন্যতেই শেষ।
কাল শনিবার। শেষ শনিবার। মুক্তির শনিবার।
কি করা যায় সারাদিন, চেষ্টা করলাম ভাবার,
ইংলিশ ব্রেকফাস্ট, মোঘলাই লাঞ্চ, চাইনিজ ডিনার,
নাকি নির্জন সবুজ পেরিয়ে
হারিয়ে যাওয়া পথের বাঁকে
দেখে আসব আমার একাকিত্বের অসমাপ্ত মিনার।
আগাম বুঝতে দেবো না, পড়ে থাকবে যে শুধুই শরীর।
কিছু কাজ বাকি, করে ফেলতে হবে মনটা করে স্থির।
দেখেছি কমে এসেছে বাজার, করে দিয়ে যেতে হবে,
আরও কিছু টুকটাক কাজ আছে, যখন যা মনে আসে।
এতদিন বাঁচলাম, তবুও সময় কম পড়ে গেলো শেষে।
রবিবারের পরে বাড়িতে কমে যাবে একজন,
থাকবো না আর, আগুনের গ্রাসে আমি বিলীন।
তারপর, কোনো একদিন নিয়ে আসবে অন্য এক ডাক
নতুন শরীর ডেকে নেবে, অতীতে যা কিছু পড়ে থাক।
নস্বর জীবন শুরু আবার, নতুনে ভুলে যাওয়া পুরাতন,
তোমরাও ভুলবে ধীরে এই মানুষ ছিল কত আপন।
মাঝে মধ্যে হঠাৎই হয়তো মনে পড়বে সময়ের নিয়মে
দেয়ালে ঝুলে থাকা ধুলো পড়া আলগা বাঁধানো ফ্রেমে,
বা কখনও ভেসে আসা আমার প্রাণের গানে,
আজি আনন্দধারা বহিছে ভুবনে ।।