ডিসেম্বরের গান
এস পি
ডিসেম্বরের গান শুনলাম সেদিন ।
ডিসেম্বরের সঙ্গে জড়ানো একটা দুঃখের সুর
যেন লেগে থাকে প্রতি বছর ।
শেষ হয়ে যাওয়ার বিদায়-বাণী,
বিরহের হিমেল পরশ,
বিষণ্ণ করে তোলে মন –
প্রতিদিন, পুরো মাস ।
পাওয়া যা গেলো না,
তার অপেক্ষা আরো একটা বছর।
জন্মদিনের মতো অগামীকে বরণে আড়ম্বর
বুঝি বা না পাওয়ার জন্ত্রণা ভোলার আছিলা।
ডিসেম্বরে, গত শত ভালোর মাঝেও
উঁকি দিয়ে ওঠে ব্যথা মাখা কাঁটা ।
ডিসেম্বরেই মনে পড়ে যায়
কতো বন্ধুর চলে যাওয়া,
কতো ভালবাসার শেষ দেখা,
কতো শতো স্বপ্নের মৃত্যু,
প্রিয় শহর ছেড়ে দূর পথে পাড়ি ।
গলা বোজা গান,
শিশীরে ভেজা চোখ,
কুয়াশায় আবছায়া মুখ
সব যেন সাক্ষী এই ডিসেম্বর।
না মেলা হিসাবের খাতা
ঝেড়ে পুঁছে দেখা বার বার,
ধুলো মাখা স্মৃতির ফেলে আসা পৃষ্ঠা,
রক্তাক্ত বুকে বোলানো সময়ের প্রলেপ।
পুরানো যা, তা না পাওয়া ভুলে
নতুনের গানে ফের গলা সাধা,
নতুন আশায় বুখ বাঁধা ।
আবারও, আগামী ডিসেম্বর অবধি অপেক্ষা,
চোখ বেঁধে আলেয়ার পিছে ধাওয়া ।
তারপর? তারপর আবার, আবার
বাতাসে ডিসেম্বরের গান।
জীবন যে আবহমান ।।