অতীতে পাড়ি

এস পি

গত রাতে গিয়ে দাঁড়ালাম সাগরপারে,
অন্ধকারের চাদরে মোড়া এক নিঃসঙ্গ আমি।
অবিরাম ঢেউরা ফিসফিসিয়ে বলে গেলো
ভুলে যাওয়া কিছু অপূর্ণ গোপন কথা।
দূরে ভেসে চলা নৌকার ক্ষীণ আলো,
লিখে দিয়ে গেল সাহসী যাত্রার রঙ্গীন কাব্য।

নরম বাতস আলতো ছুঁয়ে গেল গাল,
প্রিয়জনের কোমল স্নিগ্ধ স্পর্শ তাতে।
তারাভরা আকাশ যেন ইসারায় বলে উঠল—
“এই মুহূর্তটিকে ধরো আঁকড়ে,
রাত্রির গভীরতায় সুর বাঁধো ভালবাসার।”
সে মুহূর্তে যেন থমকে গেল সময় প্রবাহ,
অতীতের রহস্য খুলে দিল তার দুয়ার ।
আমি সময়ের লাগাম হাতে চল্লাম ছুটে
যুগ পেরিয়ে, শতাব্দী ছাড়িয়ে কোন
হাজার বছর অতীতের কোলে।

এখানে নেই চেনা মুখ, নেই কোনো জানা নাম,
নেই কোনো বন্ধনের শিকল, শুধুই মুক্তির পরিসর।
এখানে মাটির টানে নেই আত্মীয়তার ভার।
নেই বিষয়-আশয় দ্বন্দ্ব হিংসার পীড়াপীড়ি
অখণ্ড শান্তির প্রলেপে পিছুহটা যত পিছুটান।

কিছু পরে হায়, স্মৃতি ফিরে আসে সময়ের সেতু বেয়ে।
আর অতীত নিংড়ানো সুরে
আমাকে ফিরিয়ে দেয় আমার বর্তমান । ।

Edit Template